বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা জামায়াত এমপির জন্ম ৮১ সালে

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৪৮ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের একটি বক্তব্য।

সংসদ অধিবেশনে মঙ্গলবার (১৬ জুন) বক্তব্য দিতে গিয়ে নিজের পরিবারের বীরত্বগাঁথা তুলে ধরেন তিনি।

সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা ও দাদা যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাবারা সাত ভাই, এরমধ্যে চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জনই মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ মুক্তিযোদ্ধা। আমার মা-ও মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহান জাতীয় সংসদে দেওয়া তার এই বক্তব্য। এসময় তার জন্মতারিখ নিয়ে দেখা দেয় নানান প্রশ্ন।

নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামায় দেখা যায়, তার জন্ম তারিখ ১৯৮১ সালের ১০ জানুয়ারি। 

‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আব্দুল মুনতাকিমের বাবা শহীদ হয়েছেন’ দাবি করলেও, হলফনামা অনুযায়ী তার নিজের জন্ম ১৯৮১ সালে। অর্থাৎ বাবার মৃত্যুর ১০ বছর পর তার জন্ম হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অবগত না। ওনার (আব্দুল মুনতাকিম) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে পরবর্তীতে জানানো হবে।’ 

এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামায়াতের এই নেতা।

এ ছাড়া আব্দুল মুনতাকিমের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

HN
আরও পড়ুন