তানভীর বারী হামিমসহ দুজনকে ছাত্রদল থেকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ দুটি হল ইউনিটের দুই নেতাকে তাদের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

বুধবার (৪ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই দিনে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।