গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকী। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। জোনায়েদ সাকীর পরিবর্তে দলের নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নীলু।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী স্পষ্ট করেন যে, তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়েছেন। তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন। গত বছরের ৩ নভেম্বর দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি পুনরায় এই পদে নির্বাচিত হয়েছিলেন, তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
জোনায়েদ সাকী বর্তমানে দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বর্তমানে তিনি শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোনায়েদ সাকীর এই সিদ্ধান্ত দলের গণতান্ত্রিক চর্চারই অংশ। ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু এখন থেকে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।