দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ অবস্থায় তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
জ্বালানি খাতের সংকটের জন্য জ্বালানিমন্ত্রীকেও দায়ী করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, জ্বালানি খাতে যে বিপর্যয় দেখা দিয়েছে, তার দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না।
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিএনপির ভূমিকারও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কঠোর অবস্থানের কথা জানান নাহিদ ইসলাম। নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
পাকিস্তানের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা, ভারতের উদ্বেগের কারণ কী?