রাজধানীতে হারিকেন মিছিল করবে এনসিপি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হারিকেন মিছিলের ডাক দিয়েছে এনসিপির জাতীয় যুবশক্তি। সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর পরীবাগে মেঘনা পেট্রোল পাম্পের সামনে প্রেস ব্রিফিং ও হারিকেন মিছিল করবে দলটি। 

হারিকেন মিছিলে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। 

এসময় যুবশক্তির ঢাকা মহানগরের নেতারাও উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রবিবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়।