সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের জানাজা সম্পন্ন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশীদের নামাজে জানাজা শুক্রবার (১৯ জুন) সকাল ১০:৩০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তাঁর জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজা শেষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার এবং পরে বিএনপির পক্ষে দলটির মহাসচিব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

মরহুমের স্বজনরা জানিয়েছেন, আগামী শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।