আধিপত্যবাদের কাছে মাথা নত নয়: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো ধরনের আধিপত্যবাদের কাছে দেশ মাথা নত করবে না। অন্যথায় বর্তমান সরকারকেও ছেড়ে কথা বলা হবে না বলে তিনি সতর্ক করেন।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার দ্রুত কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে। এখান থেকে লাগাম টেনে গণভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করতে হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের চার মাস পার হলেও ক্ষমতাসীন দল জাতিকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখেনি। বরং তারা এখন উল্টো অবস্থান নিয়েছে। পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক পদে দলীয়করণ বন্ধসহ ৮৬টি সংস্কার প্রস্তাবে তারা একমত হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৪০টি ছিল সাংবিধানিক। গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ এই সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। অথচ বর্তমান প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এখন এই গণভোটকে সংবিধান বিরোধী বলছেন, যদিও তারা নিজেরাও একসময় ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন।

খুলনার পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মাধ্যমে এক সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এতে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। সমাবেশে আসার পথে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বাগেরহাট থেকে আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাঁদের কিছু কর্মীর ওপর হামলা করেছে। এতে অসংখ্য লোক আহত হয়েছেন এবং দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।