অস্ট্রেলিয়ায় জামায়াত আমির

প্রবাসে থেকেও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ এএম

বিদেশে অবস্থান করলেও নিজ দেশের মানুষের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, একজন মুসলমান বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাকে সর্বাবস্থায় নিজের ঈমান ও ইসলামী আদর্শ সমুন্নত রাখতে হবে। পাশাপাশি যে দেশে তিনি বসবাস করছেন, সেখানকার অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি বিদেশে অর্জিত জ্ঞান, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা নিজ মাতৃভূমির উন্নয়নে কাজে লাগাতে হবে।

শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান প্রবাসীদের উদ্দেশে বলেন, কেবল ব্যক্তিগত সাফল্য বা পেশাগত উন্নতির গণ্ডিতে আবদ্ধ থাকলে চলবে না, বরং অর্জিত অভিজ্ঞতা দেশের কল্যাণে ব্যয় করার মানসিকতা তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি এবং রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রবাসীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট রাখতে হবে। প্রবাসীরা তাদের সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্র সংস্কার ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের মেধা কীভাবে আরও কার্যকরভাবে যুক্ত করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

 

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান। এছাড়া অস্ট্রেলিয়াপ্রবাসী সাবেক ছাত্রনেতা ও বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত