ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল

ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে পাঠদান করতে দেখা গেছে। নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ এই চিকিৎসক আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে পাঠদান করতে দেখা যায়। ভিডিওটি কলেজটির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়, যা পরবর্তীতে বিষয়টি সামনে আনে।

ভিডিওর বিবরণ অনুযায়ী, তিনি এমবিবিএস ২০২৫–২৬ ব্যাচের শিক্ষার্থীদের অ্যানাটমি বিষয়ে মানব কর্ণ সম্পর্কিত লেকচার দেন। ১৫ মে নেওয়া ওই ক্লাসে অটোস্ক্লেরোসিস এবং অটোস্পঞ্জিওসিসের ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আলোচনা করা হয় বলে উল্লেখ রয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর মতো তিনি আত্মগোপনে যান বলে বিভিন্ন সূত্র দাবি করে। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে বলেও বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ছিলেন এবং চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।