ঢাকার সাভারে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫ লাখ বৃক্ষরোপণ এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে প্রথমে দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ, এরপর ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচি দেশব্যাপী সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাবের উদ্যোগে শুরু হলো পাঁচ বছরমেয়াদি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।