'দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে'

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ব্যবহার করে যারা অনৈতিক ও অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে গঠনমূলক কাজে যুক্ত হয়ে দলকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দলের মধ্যে দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে ৫ আগস্টের পর দলের চেয়ারম্যান কঠোর হাতে দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

রিজভী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কেউ অনৈতিক কাজে জড়াবেন না। গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে দলকে শক্তিশালী করতে হবে, যাতে নেতা-কর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে পরিচালনা করাই তাদের দায়িত্ব। চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছেন তারা।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। তিনি দাবি করেন, নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে।

এএম
আরও পড়ুন