জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের ‘জুলাই ব্যবসায়ী’ বলা হলেও তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির চাপ কমেনি, বরং বেড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজির ব্যবসায়ী নই।’
তিনি দাবি করেন, গত ১৭ বছরে ব্যবসায়ীরা নানা ধরনের চাপের মধ্যে ব্যবসা পরিচালনা করেছেন। সে কারণে অনেকে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাতে নতুন বাংলাদেশে চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত হয়।
এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘৫ আগস্টের পর ব্যবসায়ীরা দেখলেন, আগের তুলনায় চাঁদার পরিমাণ আরও বেড়েছে। আগে যদি ১০০ টাকা দিতে হতো, এখন ২০০ টাকা দিতে হচ্ছে। এটাই কি নতুন বাংলাদেশ?’
শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবির প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা যখন বিচার দাবিতে রাজপথে দাঁড়িয়েছি, তখন আমাদের “হাদী ব্যবসায়ী” ও “জুলাই ব্যবসায়ী” বলা হয়েছে। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি করি না, গুন্ডাতন্ত্র কিংবা সন্ত্রাসের রাজনীতি করি না।’