চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবককেও কাঁদতে দেখা যায়। তাদের কান্নার দৃশ্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ২ মিনিট ২১ সেকেন্ড। তবে কান্নারত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর সঙ্গে মাঠে বসে থাকা এক যুবকও কাঁদতে শুরু করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’
বক্তব্যে জাবের বলেন, তিনি বারবার হাদিকে স্মরণ করে বলছিলেন, হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াই শুরু করেছিলেন। আজ এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।
তিনি আরও বলেন, শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমানের জন্য তাঁরা লড়াই চালিয়ে যাবেন। যে কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বিচার ও সংশ্লিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না বলেও বক্তব্য দেন তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, তাঁরা কাঁদবেন, হাসবেন ও লড়াই করবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।
সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ মাউশির
ক্যানসারের ঝুঁকি কমাতে খাবেন যেসব খাবার