জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির

জামায়াতে ইসলামির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘জীবন দেবো, কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন?’ তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ জনগণ, তরুণ-ছাত্রসমাজ, যুবসমাজ ও শ্রমজীবী মানুষ বারবার জীবন দিয়ে যে অর্জন জাতির সামনে তুলে ধরেছেন, তা পরে কিছু মানুষের কারণে হারিয়ে গেছে।

তিনি বলেন, ‘সেই ২৪-ও শেষ পর্যন্ত যা হলো, তা হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।’

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ‘এই জাতি তো জীবন দিতে দিতেই আজকের জায়গায় এসেছে। শহীদ পরিবারের সদস্যদের কাছে আমাদের কী জবাব আছে?’

তিনি আরও বলেন, এখনো অনেকে ভাঙা হাত-পা, শরীরে গুলির আঘাত নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। অনেক তরুণ-তরুণী আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ২৪ না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে বিরোধী দল হতে পারতাম না, বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না।’

সভায় তিনি ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ও এর রাজনৈতিক প্রভাব নিয়ে বক্তব্য দেন।