রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার কাঠামোয় মৌলিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে তরুণ সমাজ যে আত্মত্যাগ করেছে, তার প্রতি জাতি ঋণী। তাদের প্রত্যাশা পূরণে রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
জামায়াতের দলীয় কোনো দাবি নেই উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোও প্রতিশ্রুতি দিয়েছিল, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণরায়ের পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এখন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে বিএনপির ভিন্নমত দেওয়ার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ তৈরি করে এমন ধারাগুলো রাখতে চায় দলটি। অন্যদিকে, যে বিধানগুলো থাকলে এ ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা কঠিন হবে, সেগুলোতে তারা আপত্তি জানিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ এখন ভালো নেই। কার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে, তা সবার সামনে পরিষ্কার। দীর্ঘ সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারাও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর ক্ষমতার পরিবর্তন হলেও পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি।
তিনি অভিযোগ করেন, ৬ আগস্ট থেকেই আওয়ামী লীগের শাসনামলের মতো মানুষের ওপর জুলুম শুরু হয়েছে। চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন এবং রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। ৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোর আচরণ জাতির জন্য বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানালে তাঁরা তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট করার জন্য ক্ষমতাসীনদেরই দায়ী করেন তিনি।
বিরোধীদলীয় নেতার ভাষ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে দেশে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দুটি বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন না হলে ঐক্যের উদ্যোগও স্থায়ী হবে না।
রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, অপমানিত হয়ে বিবাহবিচ্ছেদ