সংসদের বিরোধীদলীয় নেতা

 ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত বিকাশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ লক্ষ্য অর্জনে তিনি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার রাজধানীর মিরপুরের রঙধনু কনভেনশন সেন্টারে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে 'কর্মী শিক্ষাশিবির-২০২৬' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের উন্নয়ন বাজেটের প্রায় ৭০ শতাংশই বাস্তবায়িত হয় প্রকৌশলীদের মাধ্যমে। তাই দেশ গঠনে প্রকৌশলী সমাজের কাজের ক্ষেত্রে স্মার্টনেসের পাশাপাশি সততা ও ন্যায়পরায়ণতা (ফেয়ারনেস) নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বিশ্বরাজনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জায়নবাদী শক্তির অর্থনৈতিক ও ভূরাজনৈতিক এজেন্ডা সম্পর্কে প্রকৌশলীদের সচেতন থাকার পরামর্শ দেন।

অন্যতম বিশেষ অতিথি ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মাদ সেলিম উদ্দিন প্রকৌশলীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ও মুফতি আলী হাসান উসামা। এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

সোর্স: দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘কর্মী শিক্ষাশিবির-২০২৬’।