গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
১৯৭৯ ও ১৯৮০ সালে পরপর দুইবার ডাকসুর জিএস নির্বাচিত হন আখতারুজ্জামান। তার সঙ্গে ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। এরপর ১৯৮১ সালে তিনি ভিপি নির্বাচিত হন; তখন তার সঙ্গে জিএস ছিলেন জিয়াউদ্দীন বাবলু।
আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।