পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।
এছাড়াও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশিদের ভিসা বন্ধ করে লাওসের কড়া নির্দেশনা