জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি। গত ছয় মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি দাবি করেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জ্বালানি তেলের সংকট দেখা দেয় এবং দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে পড়েছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকায় অনেক এলাকায় চুলা জ্বলছে না এবং গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদনও কমেছে।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে লোডশেডিং, ভুতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে।
কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, কৃষকরা সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে দখল ও বিরোধী মতাদর্শের ওপর হামলার ঘটনাও ঘটছে।
এ ছাড়া গত ছয় মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এর মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।