সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের বাড়ি সিলেটে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত দুজনই সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। নিহত অপর দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চার বাংলাদেশি নিহত হন।

আব্দুল করিম ও খালিদ আহমদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন জানান, নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে কানাইঘাটের একাধিক প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। এর পর জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। সেই শোক কাটতে না কাটতেই সৌদি আরবে আরও দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো।