জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, আসিফ নজরুল সরকারের মধ্যে নানা জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। তবে শিক্ষক হিসেবে তিনি আসিফ নজরুলকে সম্মান করেন বলেও জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাঁকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। এ কারণেই তিনি আসিফ নজরুলকে পছন্দ করেন না বলে মন্তব্য করেন।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে ভেতরে ভেতরে ‘ঘুঁটি খেলার’ চেষ্টা করেছিলেন আসিফ নজরুল। তাঁর দাবি, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন আসিফ নজরুল। সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে বঙ্গভবনে যাওয়ার সময় তাঁকে ভেতরে নেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তাঁর ভাষ্য, আসিফ নজরুল সেখানে ভিড়তে গেলে সেদিন সরকারই গঠন হতো না।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনেও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?