বিএনপি সরকারে এসে জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, সে সিদ্ধান্ত তাকে নিতে হবে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বেছে নিতে হবে।’
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর তারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তবে বিএনপি ক্ষমতায় এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি। যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, ইতিহাসে তাদের পরিণতি হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
লংমার্চের পথে থাকা ১১ দলীয় ঐক্যের ব্যানার-ফেস্টুন গতকাল রাত থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এই কাজে সিটি করপোরেশনও যোগ দিয়েছে। তবে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।
এ সময় শেখ হাসিনার সরকার যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে, বর্তমান সরকারও একই আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা শুরু করেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী ঐতিহাসিক লংমার্চ সফল হওয়ার পর এবার ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চ শুরু করা হচ্ছে। ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।