আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। তার দাবি, ‘৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি’ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের পক্ষ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। একই সঙ্গে লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হলে দলটি জামায়াতের নেতাদের বিরুদ্ধে ফের ফাঁসির ব্যবস্থা করবে। তাই জামায়াত নেতাদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, জামায়াতের আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার একটি যোগসূত্র রয়েছে।
বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে দাবি করে রাশেদ খাঁন বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে ভবিষ্যতে আর রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হবে না।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, জামায়াতের ডাকে লংমার্চ হলেও সাধারণ মানুষ আর তাদের আহ্বানে রাজপথে নামবে না।
এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।