জিএম কাদেরের বাসভবনে হামলার অভিযোগ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য।

সকাল ১১টা ৪৯ মিনিটে পাঠানো এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য জানান, সোমবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল লোক জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে হামলা করে।

তিনি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০ থেকে ১৫০ জনের একটি দল এসে হামলা চালায়। এ ঘটনায় পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে।

হামলার বিষয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় পরে জানানো হবে বলেও উল্লেখ করেন শৌর্য দীপ্ত সূর্য। তবে হামলার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।