সাধারণ কর্মীরা নেতার পেছনে ঘুরে নিজের অমূল্য জীবন নষ্ট করছে: হাসনাত

রাজনীতিবিদদের সন্তান ও সাধারণ কর্মীদের পরিবারের মধ্যকার চরম বৈষম্য এবং ভবিষ্যৎ নষ্ট করার নোংরা চর্চা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণির সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

বক্তব্যে চিফ হুইফ বলেন,  ৩ ছেলে আমেরিকা থাকে। জন্মলগ্ন থেকে আমেরিকার সিটিজেন। আমেরিকায় থাকে। আমেরিকায় ভালো জব করে এবং সেখানে শান্তিতে আছে।

রাজনীতিকদের দ্বিমুখী আচরণের সমালোচনা করে হাসনাত মন্তব্য করেন, দেশের রাজনীতিবিদদের দেশপ্রেমের নমুনা এতটাই করুণ যে তারা দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তেও ন্যূনতম ভরসা পান না।

তিনি লেখেন, রাজনীতিবিদরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিদেশে পাঠিয়ে দেন, আর দেশে থাকা সাধারণ পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে তাদের নিজেদের পেছনে স্লোগান দেওয়ানোর কাজে ব্যবহার করেন। অথচ সাধারণ কর্মীরা নেতার পেছনে ঘুরে নিজের অমূল্য জীবন নষ্ট করছে এবং পরিবারের হক নষ্ট করছে।

নেতা ও সাধারণ কর্মীদের পরিবারের নির্মম বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, অর্থের অভাবে অসহায় কর্মীর সন্তানকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে হয় চানখারপুলের হাসপাতালে, অথচ সেই একই সময়ে রাজনীতিকদের সন্তানেরা বিদেশে লিভারপুলের মতো জায়গায় আয়েশী জীবনযাপন করে।

রাজনীতির প্রচলিত এই নির্মম বাস্তবতাকে তুলোধুনো করে হাসনাত চরম ক্ষোভ প্রকাশ করে লেখেন—‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’ এ ধরনের আত্মঘাতী অন্ধ রাজনীতি থেকে সাধারণ তরুণদের চোখ খোলার আহ্বান জানান তিনি।