জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।