তুরস্কের জাতীয় দিবসে এরদোগানকে জামায়াত আমিরের শুভেচ্ছা

রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস। বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রমিস সেন বৃহস্পতিবার সন্ধ্যায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সেখানে রাষ্ট্রদূত রমিস সেনের হাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উদ্দেশ্যে লেখা এক বিশেষ অভিনন্দনবার্তা তুলে দেন ডা. শফিকুর রহমান।

এই শুভেচ্ছাব বার্তায় তুর্কি সরকার ও সে দেশের আপামর জনগণকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সাথে বাংলাদেশ ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা ব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জামায়াত নেতারা দৃঢ় আশাবাদ প্রকাশ করেন। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাক্তন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন।