দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এসব ঘটনার বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকলে নৈরাজ্য সৃষ্টিতে তাদেরও মৌন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা লেখেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একেরপর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধীদল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে। তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলেরও মৌন সমর্থন আছে।’
তিনি লেখেন, ‘ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরও চরমভাবে দিতে হবে। বিরোধীদল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এদের প্রতিহত করুক।’
রাশেদ খাঁন লেখেন, ‘তাহলেই বুঝবো আসলেই বিরোধীদল প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেফতার চায়। অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সাথে জামায়াত-এনসিপির আপস মিমাংসার বিষয়ে সন্দেহ সংসয় তো থেকেই যায়।’