কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বললেন সংসদ সদস্য বাবুল

জাতীয় সংসদে কৃষকদের নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার বক্তব্যে কৃষকদের ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে উল্লেখ করা হলে এর প্রতিবাদ জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তির পরিপ্রেক্ষিতে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে খাদ্যগুদামে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করার জটিলতা নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আলোচনায় অংশ নিয়ে মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। ফলে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া তাদের জন্য সহজ নয়। এ কারণে কৃষকদের ধান বিক্রির প্রক্রিয়ায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে সংসদ সদস্যের এমন শব্দচয়নের প্রতিবাদ জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, সংসদ সদস্যদের বক্তব্যে ভাষার ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা উচিত। গ্রামের অনেক কৃষক প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার সুযোগ না পেলেও তাঁদের মূর্খ বলা যায় না। দাপ্তরিক কাগজপত্র বুঝতে কিংবা অনলাইনে আবেদন করতে তাঁদের সমস্যা হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁরা মূর্খ।

কৃষকদের অবদানের কথা তুলে ধরে চিফ হুইপ সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান।

চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, খাদ্যগুদামে কৃষকদের ধান বিক্রির অনলাইন পদ্ধতি নিয়ে সংসদ সদস্যের উত্থাপিত সমস্যাটি যুক্তিসংগত। তবে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আরও মার্জিত ভাষা ব্যবহার করা প্রয়োজন।

পরে ডেপুটি স্পিকার সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার ঘোষণা দেন।