দলীয়করণে মেধাশূন্য হচ্ছে পুরো জাতি: কামাল হোসেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

সংকীর্ণ দলীয়করণের কারণে আজ গোটা জাতি ধীরে ধীরে মেধাশূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব সম্পূর্ণ বন্ধ করে মেধার মূল্যায়ন করার জোরালো দাবি জানান তিনি।

অযোগ্য ও দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে তারা রাষ্ট্রকে দুর্নীতি দিয়ে গ্রাস করছে বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, একটি প্রতিষ্ঠানেই বর্তমানে ৫২৪টি অডিট আপত্তি ফাইলবন্দি রয়েছে।

বিগত দুই বছরে মাত্র একটি আপত্তি নিষ্পত্তি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ গতিতে কাজ চললে সব আপত্তি দূর করতে ১ হাজার ৪৬ বছর লাগবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ধীরগতির কারণে দেশ আজও প্রায় পাঁচ বছর পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন এই নেতা।

দুর্নীতির এই বেড়াজাল ভেঙে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশের তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন