জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল দেশ পায় রাষ্ট্রনায়ক আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার। শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রবাসীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘আপনাদের অনেকেরই কষ্ট আছে। ভোট দিলেন এক জায়গায়, আর পোস্টিং হলো আরেক জায়গায়। ট্রেনে-বাসে-লঞ্চে সব জায়গায় একই আওয়াজ ছিল দাড়িপাল্লা, দাড়িপাল্লা। তাইলে অন্যরা কেমনে ক্ষমতায় গেল? আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’
ডা. শফিকুর রহমান বলেন, দেশ এবং জাতি সবকিছুই দেখছি। আমরা আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। কোন দল আমাদের দুশমন নয়। কোন ব্যক্তি আমাদের দুশমন নয়। দল এবং দেশ দল এবং ব্যক্তি যদি দেশের বিরুদ্ধে কোন অপকর্ম করে; তাহলে ওই কাজটা হচ্ছে আমাদের দুশমন। ওই কাজকে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য চাইলে কিছু কাজ তাকে করতে হবে। তিনি কিছু লোককে হায়ার করেছেন তার চতুর্দিকে। একজন শাসক তার মর্যাদা প্রতিষ্ঠিত হয় তার আশপাশের লোকদেরকে দিয়ে।
প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তিনি কেমন শাসক? এটা প্রমাণ হয় তার সহযোগী এবং সহযোদ্ধাদের দিকে তাকালে। আমরা অনুরোধ করব, আপনার দলে এবং আপনার দলকে ভালোবাসে দেশে এবং বিদেশে এমন প্রচুর ভালো এবং যোগ্যতাসম্পন্ন লোক আছেন; মেহেরবানী করে টিমটা তাদেরকে দিয়ে সাজান। যদি টিমটা এভাবে বিল্ড-আপ করতে পারেন; দেশকে ভালো কিছু দিতে পারবেন। আর দেশকে যদি ভালো কিছু দেন; তাহলে ১৭ কোটি মানুষের মাঝে আমিও একজন এটার দ্বারা বেনিফিটেড হব।’
তিনি আরও বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। কিন্তু কী আশ্চর্য! সংসদে উনারাই বিল আনলেন মাদক নিয়ন্ত্রণ বিল। আমরা মাদক নির্মূল চাই, নিয়ন্ত্রণ চাই না। উনারাই এটা পাস করিয়েছেন। এখন উনারাই বলতেছেন, এটা কীভাবে সামাল দেওয়া যায়। আগে যারা এটার ডিলার ছিল, এখন ওরা চলে গেছে। এখন আমাদের দলের নেতারা এটার ডিলারশিপ নিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এগুলো দেখা। কিন্তু তিনি পারছেন না। তিনি তার বাড়ির রাস্তাটাও ক্লোজ করতে পারেননি। এরকম অনেক যন্ত্রণা নিয়ে আমরা চলছি।
অথচ সংসদে যখন উনারা দাঁড়াইয়া বিবৃতি দেন, বক্তব্য দেন, মনে হয় যেন আমরা অস্ট্রেলিয়ার চাইতেও অনেক ভালো জায়গায় আছি। যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মানুষ হাসে। আর যখন কোনো মন্ত্রী বিবৃতি দেন, উনার পেছন থেকে উনার দলের লোকেরাও হাসে। এমন এক আজগুবি অবস্থায় আমরা আছি।
আমার আবারও কষ্ট লাগে, উনারাও আমাদের মতো মজলুম ছিলেন সাড়ে ১৫ বছর। প্রচুর লোক উনাদের খুন হয়েছে, গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকেই। তারা তো ফিরে আসেননি। আরমান তো ফিরে এসেছে। তাঁরা তো ফিরেই আসেন না। অন্তত নিজের দলের সহকর্মীদের প্রতি সম্মান করবেন। এই জায়গাটায় আপনারা ফিরে আসুন। আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, হাতকে শক্তিশালী করে দেবেন।