১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সহযোগিতা কামনা করছি।