কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ এনেছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে পরিচয় দিতেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্র জানিয়েছে, আজহারুল সংগঠনের একজন কর্মী মাত্র; তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।
আজহারুলের বাড়িতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। পরে ভারত থেকে দেশে ফিরে যুবদল কর্মী আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন তিনি। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।