সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস এখন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি তাদের পেজে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, স্টিভেন পাওলস এর আগে সিয়েরা লিওনে হত্যা, ধর্ষণ, শিশুদের সৈন্য হিসেবে ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মোয়নিনা ফোফানা ও মরিস ক্যালনের পক্ষে আইনি লড়াই করেছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের যথাক্রমে ১৫ ও ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তা সম্ভব হয়নি।
স্টিভেন পাওলসের প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে পাওলসের সিয়েরা লিওনের দুই যুদ্ধাপরাধীর পক্ষে আইনি লড়াইয়ের বিস্তারিত তথ্য উঠে এসেছে।
মোয়নিনা ফোফানা (সিয়েরা লিওন, সিডিএফ)
সিয়েরা লিওনের ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক ছিলেন মোয়নিনা ফোফানা।
জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের (এসসিএসএল) প্রধান প্রসিকিউটরের দপ্তর তাঁর বিরুদ্ধে হত্যা, নিষ্ঠুর আচরণ, বেসামরিক সম্পত্তি লুণ্ঠন এবং অমানবিক কর্মকাণ্ডসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনে।
এ মামলায় ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ফোফানার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে বিচারিক আদালত ফোফানাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে প্রথমে ছয় বছরের কারাদণ্ড দেন। পরে ২০০৮ সালে আপিল বিভাগ তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা বাড়িয়ে ১৫ বছরের কারাদণ্ড দেন।
মরিস ক্যালন (সিয়েরা লিওন, আরইউএফ)
সিয়েরা লিওনের বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন মরিস ক্যালন।
জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের প্রধান প্রসিকিউটরের দপ্তর তার বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, শিশুসৈন্য ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনে।
২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিচার-পূর্ববর্তী পর্যায়ে ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ক্যালনের প্রতিরক্ষা দলের অন্যতম প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মূল বিচার শুরুর আগেই তিনি মামলাটি বাতিলের আবেদন জানান। তবে আদালত তার আবেদন খারিজ করে দেন।
পরবর্তী সময়ে বিচার শেষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আদালত ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে ক্যালনকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের এপ্রিলে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অক্টোবরে আপিল বিভাগও এ সাজা বহাল রাখেন।
চার্লস টেইলরের পক্ষেও লড়তে চেয়েছিলেন
লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন স্টিভেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তা সম্ভব হয়নি।
পরবর্তিতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে চার্লস টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: বাসস