শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, ৩৬ বছর পর স্বজনদের দেহাবশেষের অপেক্ষায় পরিবার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হাতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের দেহাবশেষ পাওয়ার আশায় দিন গুনছেন ৬০ বছর বয়সী ফাউজুল হিনায়া। ৩৬ বছর ধরে ভাইদের হারানোর বেদনা বয়ে বেড়ানো এই নারী এখন আর বিচার পাওয়ার প্রত্যাশা করেন না। তাঁর একমাত্র চাওয়া, ভাইদের দেহাবশেষ পাওয়া গেলে মুসলিম রীতি অনুযায়ী সম্মানের সঙ্গে দাফন করা।

শ্রীলঙ্কার পূর্ব উপকূলীয় শহর কাট্টানকুডিতে নিজের বাড়িতে বসে আলজাজিরাকে হিনায়া বলেন, ভাইদের মর্যাদাপূর্ণ দাফনের ব্যবস্থা করতে চান তিনি।

সম্প্রতি দেশটির কুরুক্কালমাদাম এলাকায় একটি গণকবরে কঙ্কালের সন্ধান পাওয়ার পর নতুন করে আশার আলো দেখছেন নিখোঁজদের স্বজনেরা। আদালতের নির্দেশে গঠিত প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা ওই গণকবরে হাড়ের অবশেষ পেয়েছেন। সেগুলোতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করা আইনজীবী মুয়াজ্জাম মুবারক।

এখন এসব দেহাবশেষ কার, কী ঘটেছিল এবং নিখোঁজদের পরিণতি কী—তা শনাক্ত করাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজ। তাঁর মতে, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারগুলোকে নিয়মিত জানানোও জরুরি।

দুই ভাইয়ের শেষ যাত্রা

হিনায়া ছিলেন ছয় ভাইবোনের একজন। তাঁর ছোট দুই ভাই ফাউজুল আমির ও আবদুর রউফ পরিবারের আর্থিক সহায়তায় বাবাকে সাহায্য করতেন। তাঁদের বাবা হায়াত মোহাম্মদের কাঠ কাটার কাজের আয় নিয়মিত ছিল না।

আমির তৈরি পোশাক বিক্রির জন্য তাঁদের বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাট্টুতে যাতায়াত করতেন। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে তিনি সেখানে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বের হন। হিনায়া আলজাজিরাকে বলেন, ভাইয়ের ওই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা তিনি কখনো ভাবেননি।

কাট্টানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদাম এলাকায় আমিরকে থামায় তামিল বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। তাঁর সঙ্গে আরও কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। কোথাও ৬০ জন, আবার কোথাও প্রায় ১৫০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য ঘটনাটি ছিল বড় এক মোড়। দেশটির জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। কুরুক্কালমাদাম হত্যাকাণ্ডের আগে এলটিটিই প্রায়ই মুসলমানদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। সেই অর্থ তাদের সশস্ত্র তৎপরতায় ব্যয় করা হতো। একসময় শ্রীলঙ্কার প্রায় এক-চতুর্থাংশ এলাকা নিয়ন্ত্রণ করত গোষ্ঠীটি।

তবে নব্বইয়ের দশকের শুরুতে মুসলমানদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বাড়তে থাকে। ১৯৯০ সালের আগস্টে কাট্টানকুডি ও এরাভুর শহরের দুটি মসজিদে অন্তত ৩০০ মুসলমানকে হত্যা করে এলটিটিই।

আমির নিহত হওয়ার সময় হিনায়ার আরেক ভাই আবদুর রউফ দেশের উত্তরাঞ্চলে একটি দোকানে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি পরিবারের কাছে ফিরে আসেন। কয়েক দিন পর পাশের বাত্তিকালোয়া শহর থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে একটি ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। পথে এলটিটিই সদস্যরা তাঁকে অপহরণ করে। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁকে মৃত বলে ধারণা করা হয়।

২০১৬ সালে শ্রীলঙ্কা সরকার নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের পরিণতি অনুসন্ধানে স্বাধীন সংস্থা ‘অফিস অন মিসিং পারসনস’ গঠন করে। হিনায়াও সেখানে অভিযোগ জমা দেন। গৃহযুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিখোঁজ স্বজনদের মতো তিনিও জানতে চান, গণকবরের অনুসন্ধানে কি তাঁর ভাইদের বিষয়ে কোনো সূত্র পাওয়া যাবে?

জ্যাকি ফৌজের মতে, যেসব ক্ষেত্রে অপরাধের অভিযোগ আনার মতো প্রমাণ পাওয়া যাবে, সেসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মুসলিমদের উচ্ছেদ ও ভেঙে যাওয়া সম্প্রীতি

মুসলিমদের ওপর হামলা শুধু মানুষের প্রাণ কেড়ে নেয়নি, শ্রীলঙ্কার তামিল ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্কেও ফাটল ধরিয়েছে।

১৯৮৭ সালে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে একটি চুক্তি হওয়ার পর দেশটিতে ভারতীয় সেনা মোতায়েন করা হয়। কলম্বো সরকার ও এলটিটিইর মধ্যে শান্তিচুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য তাদের শান্তিরক্ষী হিসেবে পাঠানো হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই দুই পক্ষের কাছেই ভারতীয় বাহিনী অবিশ্বাসের লক্ষ্য হয়ে ওঠে।

ভারতীয় সেনাদের অবস্থানকালে উত্তরাঞ্চলীয় প্রদেশের মুল্লাইতিভু এলাকার কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়। সেখানে ভারতীয় সেনাদের ক্যাম্প স্থাপন করা হয়েছিল। ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি বলেন, সেটিই ছিল তাঁদের প্রথম বাস্তুচ্যুতির ঘটনা।

১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনারা শ্রীলঙ্কা ছেড়ে গেলে রিজনিসহ অন্য বাসিন্দারা নিজেদের গ্রামে ফিরে আসেন। তখন তামিল ও মুসলমানদের মধ্যে সুসম্পর্ক ছিল বলে স্মরণ করেন তিনি। তাঁর ভাষায়, তাঁরা এক পরিবারের মতো ছিলেন।

কিন্তু একই বছরের অক্টোবরে পরিস্থিতি বদলে যায়। রিজনির ভাষ্য অনুযায়ী, এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের মুসলিম গ্রামগুলোর বাসিন্দাদের একত্র করে দুই দিনের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

রিজনি বলেন, তামিলদের জন্য মুসলমানরা কোনো হুমকি ছিলেন না। উত্তরাঞ্চলীয় প্রদেশের মাত্র ৫ শতাংশ এলাকায় মুসলমানদের বসবাস ছিল, আর তামিলদের বসবাস ছিল ৯০ শতাংশের বেশি এলাকায়।

১৯৯০ সালের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের পুরো মুসলিম জনগোষ্ঠীকে জোর করে উচ্ছেদ করে। বিভিন্ন হিসাবে, উচ্ছেদ হওয়া মানুষের সংখ্যা ৭৫ হাজার থেকে এক লাখের মধ্যে। তাঁদের পোশাক ছাড়া অন্য কোনো জিনিস সঙ্গে নিতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁরা দেশের বিভিন্ন এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নেন।

রিজনি এখনো সেই উচ্ছেদের ক্ষয়ক্ষতির কথা মনে রেখেছেন। তাঁর পরিবারের ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একর নারকেলবাগান, আট একর ধানখেত, একটি বাড়ি ও একটি মুদি দোকান বিদ্রোহীরা নিয়ে যায় বলে জানান তিনি।

বিচার ও পুনর্বাসনের প্রত্যাশা

জ্যাকি ফৌজের মতে, মুসলমানদের ওপর এলটিটিইর হামলা তাদের প্রস্তাবিত তামিল স্বদেশের ধারণায় অন্য জনগোষ্ঠীকে বাদ দেওয়ার প্রবণতা প্রকাশ করে। উত্তর ও পূর্বাঞ্চলকে তামিলদের মাতৃভূমি হিসেবে দাবি করলেও ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের বসবাস ছিল। তাঁদেরও নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, ভূমির অধিকার ও পরিচয়ের দাবি রয়েছে।

ফৌজের ভাষায়, সিংহলি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করলেও মুসলমানদের সঙ্গে আচরণে এলটিটিই একই ধরনের বর্জনমূলক নীতি অনুসরণ করেছিল।

২০০৯ সালে এলটিটিইকে পরাজিত করার মধ্য দিয়ে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটায় শ্রীলঙ্কার সেনাবাহিনী। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন।

যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী তাঁদের আগের গ্রামে ফিরে যান। তবে রিজনি ও জ্যাকি ফৌজের মতে, শ্রীলঙ্কায় এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হয়নি।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলমানদের হত্যা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। আলজাজিরাকে তিনি বলেন, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারগুলোকে বাড়িঘর ছাড়তে বাধ্য করার যুক্তি হতে পারে না।

কুরুক্কালমাদামের গণকবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যথাযথ ও স্বাধীন তদন্ত, নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত বিবরণ প্রকাশের প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর নিরাপদে ফিরে যাওয়া এবং মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠনে সহায়তা করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন।

রিজনি আশা করেন, একসময় তামিল ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ছিল, তা আবার ফিরে আসবে। তবে ১৯৯০ সালের উচ্ছেদের ঘটনা মুসলমানেরা ভুলবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে এলটিটিইর অপরাধের দায় পুরো তামিল জনগোষ্ঠীর ওপর চাপাতে চান না তিনি।

জ্যাকি ফৌজের মতে, কুরুক্কালমাদামের গণকবরের অনুসন্ধান নিখোঁজদের স্বজনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসানের একটি পথ তৈরি করতে পারে। সেখানে পাওয়া দেহাবশেষের পরিচয় শনাক্ত, ঘটনার সত্য উদ্‌ঘাটন এবং তদন্তের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে পরিবারগুলো শেষ পর্যন্ত তাঁদের বহুদিনের প্রশ্নের উত্তর পাবে কি না।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন