বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। কাতার আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ দেশেটির রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছবেন তিনি। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা যদি মনে করেন তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তাহলে সেখানে যাবেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডা. জাহিদ।
খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের ছয় জন ও কাতারের চার জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হবে কি না, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও যাবেন বলে জানান দলের এ জ্যেষ্ঠ এ নেতা।