এক-এগারোর পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস

কথা বলার সুযোগ পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ বলছে, বিএনপি নাকি এক-এগারো আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশে বলছি, এক-এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। খালেদা জিয়া থেকে শুরু করে দলের এমন কোনো নেতাকর্মী এক-এগারোর পরিণতি থেকে রেহাই পায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পাঁয়তারা করবেন না। আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন।’

নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে আব্বাস বলেন, ‘নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন, বিএনপি আপনাদের স্বাগত জানাবে।’

তবে যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন মির্জা আব্বাস।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য শামসুজ্জামান মেহেদী, মাহবুব আলম, মসিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব এহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহ সভাপতি ডা. জাহিদুল কবির, রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিল আউয়াল, মৎসজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।