মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে তার রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশের নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চেয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের হবে এমন প্রত্যাশাও করেছেন। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে আমীর খসরু বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কারণ, তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন। অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে। নির্বাচিত পার্লামেন্ট এসে দেশের সংস্কার কাজ করবে।