দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ

আমাদের লড়াই শেষ হয় নাই, একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। সেই সঙ্গে মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনব।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

নাহিদ ইসলাম বলেন, আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে নাগরিক পার্টি ও জাতীয় গণঅভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে, এমনটা ভাবছে। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সঙ্গে থাকবেন তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় জনতা এবং এনসিপি নেতারা নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। পরে গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশে রওনা দেন।