জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আমাদের দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।
আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

