২০২৬ সালের হজযাত্রীদের জন্য বড় সুখবর। মক্কা ও মদিনায় বাংলাদেশি হজযাত্রীদের আবাসন বা বাড়ি ভাড়ার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু করতে আর কোনো বাধা নেই।
সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, মক্কায় বাংলাদেশ হজ মিশন এবং বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব)-এর যৌথ প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই কার্যক্রম শেষ হয়েছে।
হজ মিশন সূত্র জানায়, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাবেন। তাদের জন্য মক্কা ও মদিনায় উন্নত আবাসন, যাতায়াত ব্যবস্থা (ট্রান্সপোর্ট) এবং মিনা-মুজদালিফায় তাবু নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
কাউন্সিলর কামরুল ইসলাম আরও জানান, সময়মতো বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা নির্বিঘ্নে তাদের পরিকল্পনা করতে পারবেন এবং সঠিক সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।