চলতি বছরের হজ কার্যক্রম শেষ হওয়ার পর এজেন্সিগুলোর আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে (আইবিএএন) রক্ষিত প্রায় ১০ কোটি টাকা (৩০ লাখ সৌদি রিয়াল) চিকিৎসা খরচের নামে আটকে দিয়েছে সৌদি সরকার। এ টাকা দ্রুত ছাড় করানোর উদ্যোগ নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ দাবি জানান। এ সময়ে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
হাব মহাসচিব বলেন, ‘২০২৬ সালে হজ কার্যক্রম শেষ হওয়ার পর এজেন্সিগুলোর আইবিএএনে রক্ষিত টাকা ফেরত আনতে গেলে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল আটকে দেয় এবং মেডিক্যাল বিলের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই ৩০ লাখ সৌদি রিয়াল দাবি করে।’ তিনি বলেন, ‘হজ চুক্তি কিংবা পূর্বে কোনো মাধ্যমে আমাদের সরকার কিংবা এজেন্সি বা হজযাত্রী কাউকে এ বিষয়ে অবহিত না করে হঠাৎ এ সিদ্ধান্তে আমরা বিস্মিত।
হাব মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে কোনো হজযাত্রী চিকিৎসা ব্যয় খাতে কোনো টাকা পরিশোধ করবেন না। আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে উল্লেখিত ৩০ লাখ সৌদি রিয়াল দ্রুত ছাড় করানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এ বিষয়ে মন্ত্রণালয়কে লিখিতভাবেও বিষয়টি অবহিত করেছি।’ তিনি বলেন, সরকারের পদক্ষেপে যদি এ বিষয়ে সফলতা না আসে তাহলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল থেকে এ টাকা পরিশোধ করার দাবি করছি। হজযাত্রীরা এ টাকা পরিশোধ করবেন না, তাই এজেন্সির পক্ষে এ বিশাল টাকা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়।
মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যা সম্মানি পাবেন
অতি ক্ষুদ্র সঞ্চয় থেকেও কর নিতে চায় সরকার