শুক্রবার সৌদি আরবসহ অধিকাংশ দেশে ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অধিকাংশ দেশে এ বছর ৩০টি রোজা পূর্ণ হতে যাচ্ছে। ফলে ওই সব দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাকে শুক্রবার ঈদ উদযাপিত হবে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুনও শুক্রবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং মালদ্বীপেও শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে।

তুরস্ক এবং অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে আগেই শুক্রবারকে ঈদের দিন হিসেবে নিশ্চিত করেছিল।

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার এবং মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব না হওয়ায় সেখানে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে শুক্রবার ঈদ হবে, অন্যথায় ঈদ হবে শনিবার। এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া এবং মরক্কো।

সূত্র: গালফ নিউজ