হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

সৌদি আরবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা। আজ পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম ও কোরআনের কারি।

মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি এবং মসজিদে নববিতে দায়িত্ব পালন করবেন ড. আহমদ ইবনে আলী আল-হুজাইফি।

মসজিদুল হারাম

মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি। ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন তিনি। মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই আলেম।

২০০৭ সালের জুলাইয়ে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান শায়খ আল-জুহানি। পরের বছর রমজান থেকে সেখানে তারাবির নামাজেও ইমামতি করে আসছেন তিনি। এর আগে মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনে ইমামের দায়িত্ব পালন করেছেন। মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে তাঁর পরিচিতি রয়েছে।

মসজিদে নববি

মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন ড. আহমদ ইবনে আলী আল-হুজাইফি। তিনি মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী আল-হুজাইফির ছেলে।

ড. আহমদ আল-হুজাইফি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন ড. আহমদ আল-হুজাইফি। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

পবিত্র দুই মসজিদে এই দুই বিশিষ্ট আলেমের ইমামতিতে জুমার নামাজ আদায় করবেন দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ওয়াইএ
আরও পড়ুন