ভিজিট ভিসায় আর হবে না হজ, নতুন নিয়ম জারি সৌদি আরবের

পবিত্র হজ পালনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সরকারিভাবে অনুমোদিত বিশেষ ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। 

রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, পর্যটন বা টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা এমনকি ওমরাহ ভিসা দিয়েও কেউ হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। 

মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব ভিসাধারীদের হজের স্থানগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। হজের জন্য শুধুমাত্র নির্ধারিত হজ ভিসাই বৈধ হিসেবে গণ্য হবে।

তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের (Expats) ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল। তারা ‘নুসুক’ (Nusuk) অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং সম্পন্ন করে প্রয়োজনীয় পারমিট বা অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন।

মন্ত্রণালয় বিশেষভাবে সতর্ক করে বলেছে, হজের যাবতীয় বুকিং শুধুমাত্র অনুমোদিত এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে করতে হবে। প্রতি বছর হজের সময় কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে কম খরচে বা ভিজিট ভিসায় হজে পাঠানোর কথা বলে প্রতারণা করে। এই ধরণের ভুয়া প্রলোভনে পা না দেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ থেকে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি নিশ্চিত করেছে।