শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে যেসব দেশে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ দেশে আগামী কাল শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশগুলো ৩০টি রোজা পূর্ণ করে এই আনন্দ উৎসবে মাতবে।

মধ্যপ্রাচ্যের প্রধান দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক এবং তুরস্ক শুক্রবার ঈদ পালন করবে। এ ছাড়া মালদ্বীপ ও অস্ট্রেলিয়াতেও শুক্রবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছে।

আফ্রিকার দেশগুলোর মধ্যে সুদান, নাইজেরিয়া, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুনেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী শুক্রবারকে ঈদের দিন হিসেবে চূড়ান্ত করেছে।অন্যদিকে, শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার এবং মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কিছু দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ যদি চাঁদ দেখা যায় তবে এসব দেশে কাল শুক্রবার ঈদ হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে ৩০ রোজা পূর্ণ করে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আজ মাগরিবের পর বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে এবং সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সূত্র: গালফ নিউজ

FJ
আরও পড়ুন