হজ নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এখন থেকে যথাযথ অনুমতিপত্র বা ‘হজ পারমিট’ ছাড়া মক্কায় প্রবেশ করলে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানাসহ ১০ বছরের নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত এই কড়াকড়ি কার্যকর থাকবে। এই সময়ে শুধুমাত্র হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র থাকা ব্যক্তিরাই মক্কা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে (মিনা, আরাফাহ, মুজদালিফা) প্রবেশের অনুমতি পাবেন।

শাস্তির ধরণ ও ওমরাহ নিয়ে নির্দেশনা

অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে শাস্তির বিধানগুলো হলো:

১. জরিমানা: যারা ভিজিট ভিসা বা পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করবেন, তাদের ২০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকার বেশি) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

২. নির্বাসন ও নিষেধাজ্ঞা: অনুমতি ছাড়া হজ পালন করতে গিয়ে ধরা পড়লে ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ সৌদি আরব থেকে নির্বাসিত করা হবে এবং পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

এরই অংশ হিসেবে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ছিল ওমরাহযাত্রীদের জন্য সৌদি আরব ছাড়ার শেষ দিন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, হজ পালনের জন্য একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা (যেমন: ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা) দিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বাইরে থেকে আসা কোনো মুসল্লি এই নিয়ম ভঙ্গ করলে তাঁকে কোনোভাবেই হজের অনুমতি দেওয়া হবে না।

সৌদি সরকার হজ কার্যক্রমকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে বিশ্বের সকল প্রান্তের মুসলিমদের এই নিয়মগুলো মেনে চলার বিশেষ অনুরোধ জানিয়েছে।