সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনার পথে হাজিরা

পবিত্র হজ পালনের লক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান আজ রাতেই মিনার পথে যাত্রা শুরু করছেন। আগামীকাল সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র হজের মূল কার্যক্রম।

রোববার (২৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্দেশিত সময়সূচি অনুযায়ী হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে আজ রাত থেকেই কাফেলাগুলো মক্কার পবিত্র কাবা চত্বর থেকে মিনার অভিমুখে রওনা হবে। মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো বাংলাদেশি হাজিদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।

শরীয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) সকালে তারা হজের প্রধান রোকন ‘আরাফাতের ময়দান’-এর উদ্দেশে রওনা হবেন।

এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েক আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান ও দোয়ার পর হাজিরা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ১০ জিলহজ ভোরে তারা পুনরায় মিনায় ফিরে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করবেন। পরবর্তীতে ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা মিনা ত্যাগ করবেন।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট সাড়ে ৭৮ হাজার হজযাত্রী পবিত্র হজের এই মহতী যজ্ঞে অংশ নিচ্ছেন।