হজযাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ২০২৭ সালের হজ মৌসুমে নতুন সমন্বিত সেবা চালু করছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় হাজিদের থাকা, খাওয়া, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা পাওয়া যাবে একটি চুক্তির আওতায়।
আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সমন্বিত প্যাকেজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্যাকেজের আওতায় হাজিরা সৌদি আরবে পৌঁছানোর পর থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় সেবা পাবেন।
প্যাকেজে রয়েছে মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা। তবে মূল প্যাকেজের বাইরেও হাজিরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা বেছে নেওয়ার সুযোগ পাবেন।
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলোও নিজেদের পরিকল্পনা অনুযায়ী হাজিদের জন্য আরও মানসম্মত ও নমনীয় হজ কর্মসূচি তৈরি করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের ১৪৪৮ হিজরি হজ সেশনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও ডিজিটাল করতে এরই মধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ প্রক্রিয়াকে আরও সহজ, ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন ব্যবস্থা ব্যবহার করে আসছে।
'ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা নিয়ে সিনেটে মতবিরোধ বাড়ছে'
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের