একটি প্রলোভনভরা বার্তা, মনভুলানো রোমান্টিক আলাপ কিংবা ছদ্মবেশী কোনো ভালোবাসা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের কারণে এই অপরাধমূলক চক্রের তৎপরতা অনেক বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে চারপাশে এমন অসংখ্য ডিজিটাল ফাঁদ পাতা রয়েছে। প্রথম দেখায় এটিকে সম্পর্কের সুবাতাস মনে হলেও, বাস্তবে তা শিকারকে নিঃস্ব করার এক নিপুণ অস্ত্র। এই মরণফাঁদের নামই ‘হানি ট্র্যাপ’। সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে হানি ট্র্যাপের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রযুক্তির ছায়ায় ভুয়া পরিচয় আর যৌন আকর্ষণের প্রলোভন দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করা, অর্থ হাতিয়ে নেওয়া এবং মান-সম্মান ধূলিসাৎ করা এখন নিত্যদিনের খবর।
‘হানি ট্র্যাপ’ মূলত ভালোবাসা ও যৌনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিচালিত এক ধরণের প্রতারণামূলক ও জঘন্য অপরাধ। অপরাধীরা ভুক্তভোগীকে মিথ্যা প্রেমে বা শারীরিক আকর্ষণে জড়িয়ে গোপন ছবি বা তথ্য হাতিয়ে নেয়। পরবর্তীতে শুরু হয় অর্থ আদায় ও মানসিক নির্যাতন। পবিত্র কোরআনে এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুরা বাকারার ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ো না এবং জেনেবুঝে সত্য গোপন করো না।’ ইসলাম মানুষকে যেকোনো প্রলোভন ও শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে (সুরা নাস, ১-৬)।
সাময়িক মোহ আর ভুলের কারণে একজন মানুষের সারাজীবনের অর্জন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। সুরা নুরের ২১ নম্বর আয়াতে অল্লাহ তায়ালা স্পষ্ট করেছেন, শয়তানের পদচিহ্ন অনুসরণ করলে মানুষ অশ্লীলতা ও মন্দ কাজের দিকেই ধাবিত হয়। ইতিহাস ও হাদিস ঘাঁটলে দেখা যায়, সাহাবিদের জামানাতেও উম্মে মাহজুল বা আনাক নামের নারীর প্রলুব্ধ করার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা নুরের ৩ নম্বর আয়াত অবতীর্ণ হয়, যেখানে মুমিনদের চরিত্রহীনতা ও ব্যভিচারের ফাঁদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হানি ট্র্যাপের মাধ্যমে অর্জিত ধন-সম্পদ সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে ধোঁকাবাজদের জন্য ধ্বংসের ঘোষণা দেওয়া হয়েছে (সুরা মুতাফফিফিন, ১)। রাসুল (সা.) স্পষ্ট ভাষায় বলেছেন, ‘প্রতারক আমার দলভুক্ত নয়’ (সহিহ মুসলিম)। এছাড়া অন্যের হক নষ্টকারী ও প্রতারক ব্যক্তি কিয়ামতের দিন পাহাড়সম নেকি নিয়েও জাহান্নামী হবে।
আইনগত দিক থেকেও হানি ট্র্যাপ একটি গুরুতর অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধির ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গ), ৪১৫ ও ৪২০ ধারা (প্রতারণা ও সম্পত্তি অর্জনের শাস্তি) অনুযায়ী এটি দণ্ডনীয়।
বর্তমান ডিজিটাল যুগে হালাল-হারামের তোয়াক্কা না করে দ্রুত ধনী হওয়ার প্রবণতা মানুষকে এই অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। রাসুল (সা.)-এর সেই ভবিষ্যদ্বাণী আজ দৃশ্যমান—যেখানে মানুষ তোয়াক্কা করবে না উপার্জনের উৎস হালাল না হারাম। ভার্চুয়াল দুনিয়ায় সামান্য অসচেতনতা আমাদের চরম বিপদে ফেলতে পারে। তাই এই আধুনিক যুগের চক্রান্ত থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন মেনে চলা, নীতি-নৈতিকতা রক্ষা করা এবং আইনি সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।